আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি প্রায় ৭০টি মামলার আসামি হন এবং একাধিকবার কারাবরণ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে মামলা, হামলা, গ্রেপ্তার ও কারাভোগসহ নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।
তিনি আরও বলেন, কারাগারে অসুস্থ অবস্থায় থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছিলেন। সেই সময় তার ত্যাগ ও কষ্টের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
ওয়াকিল হোসেন বগা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও হাইব্রিড নেতারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়েছে। এরই ধারাবাহিকতায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহার, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
