কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কামরুল হোছাইন কুতুবী, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

 

আমার বাংলা টিভি ডেস্ক : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হোছাইন কুতুবী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে গিয়ে কামরুল হোছাইন কুতুবী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা নিয়ে পাশে থাকার চেষ্টা করছি। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাসকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন কামরুল হোছাইন কুতুবী। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

পরিদর্শনকালে তিনি উত্তর ধূরুংয়ের প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গামন্দির, দক্ষিণ ধূরুংয়ের প্রদীপ পাড়া ভবানী মহাজনের দুর্গামন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির ও বৃন্দাবন মহাজনের দুর্গামন্দির, লেমশীখালী সার্বজনীন দুর্গামন্দির, কৈয়ারবিল সার্বজনীন হরিমন্দির, বড়ঘোপ বাজারের কুতুবদিয়া কেন্দ্রীয় কালীমন্দির এবং আলী আকবর ডেইলের রাধাকৃষ্ণ নন্দধাম মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে কামরুল হোছাইন কুতুবী বলেন, “আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমাদের সবার। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই আমাদের সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিচয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

তিনি আরও বলেন, কুতুবদিয়ার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে তিনি সব সময় আন্তরিকভাবে কাজ করতে চান।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকরা উপস্থিত ছিলেন।