আমার বাংলা টিভি ডেস্ক : পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জামাল খান রোডকে সবুজ, পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্থানীয়রা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে চেরাগী পাহাড় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এ সময় মশাবাহিত রোগ প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, দখলমুক্ত ফুটপাত এবং পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মনজুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আকতার উদ্দিন ডালিম।
বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। জামাল খান রোডকে সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ নুর উদ্দিন চৌধুরী সোহেল, শেহতাব আহম্মেদ, আজাদ হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি, আরিফ, জিয়া উদ্দিন আহমেদ, মনছুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহীন আকবর খান, সরোয়ার আলম, রাশেদুল ইসলাম, শৈবাল পারিয়াল, মোহাম্মদ আমিন, সাদ, ইফতু ও সামি।
কর্মসূচির সঙ্গে জামাল খান রোড দোকান মালিক সমিতি একাত্মতা প্রকাশ করে। সমিতির পক্ষে বক্তব্য রাখেন দীপঙ্কর কিশোর চৌধুরী ও ইকবাল।
পরে চেরাগী পাহাড় চত্বর থেকে জামাল খান রোড হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচির শেষে ‘ঐক্য, সেবা ও মানবতায়—সমৃদ্ধ হোক জামাল খান’ এই প্রত্যয়ে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ জামাল খান রোড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা। www.amarbangla.tv
