আমার বাংলা টিভি ডেস্ক : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পরিবার।
শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওসমান ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ও সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয় উন্নয়নে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলে ধরেন।এসময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ঈদ পুনর্মিলনী পর্বে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আল আমিন, আইন বিভাগের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার, জিয়া স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, এ এফ রহমান হলেন প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আলম, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবদুস ছবুর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনসহ শতাধিক বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী।
