নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

আমার বাংলা টিভি ডেস্ক : “সব কিছুর ঊর্ধ্বে, মহল্লার স্বার্থে” এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের নবী চৌধুরী রোডকে একটি আদর্শ, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি’র স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বাদ আসর মহল্লাস্থ কমিটির স্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এই কার্যালয়টি কেবল একটি ঘর নয়, বরং এটি মহল্লার বাসিন্দাদের মিলনস্থল এবং সকল গঠনমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। নবী চৌধুরী রোডকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু জাহের আলম সেকু (সরদার) এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোঃ মিয়া ফেরদৌস সওদাগর, সিনিয়র সহ-সভাপতি দৌলত খান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ বাসিন্দারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ মারুফ মোস্তফা। দোয়া মাহফিলে মহল্লা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তারা নবী চৌধুরী রোডকে একটি নিরাপদ, আধুনিক ও উন্নত আবাসিক এলাকায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। www.amarbangla.tv