আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অন্তর্গত ওয়্যারলেস এলাকায় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন (বগা)-এর উদ্যোগে ফ্রি হেলথ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএইচটি স্বাস্থ্য মেলা এর সহযোগিতায় শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) পাহাড়তলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় এক হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকিল হোসেন (বগা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির চেয়ারম্যান ডা. মো. শাহাঙ্গীর বিশ্বাস মাহবুবুল মওলা এবং উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গাজী ওয়াফা আকবর। চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জয়নুল ফারহান।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াকিল হোসেন (বগা) বলেন, “এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। সমাজের অসচ্ছল মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি ডা. শাহাঙ্গীর বিশ্বাস বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। www.amarbangla.tv
